• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • ই-পেপার

মাদারীপুর ১ আসন : বিজয়ী হলেন হাজী শরিয়তউল্লাহ (র.) এর বংশধর

-ইমতিয়াজ আহম্মেদ. শিবচর ॥ / ৩৮ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

হাজী শরিয়তউল্লাহ (র.) এর বংশধর সপ্তম পুরুষ পীরজাদা মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ১ আসনে সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। এরই মধ্য দিয়ে তিনি ৩৫ বছরের আওয়ামীলীগের দুর্গ ভাঙলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর উপজেলাটি পদ্মা-আড়িয়াল খাঁ বেষ্টিত এক জনপদ। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট খুব একটা পরিবর্তন ঘটেনি এই আসনে। ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি সংসদ নির্বাচনেই আওয়ামীলীগের বিজয় হতো। আওয়ামীলীগের বিগত টানা ১৫ বছরের শাসনামলে উপজেলার জনসাধারণ এক প্রকার আওয়ামীলীগ এর বাইরে কিছু ভাবতে সুযোগ পেতো না। তবে ৫ আগষ্ট পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বদলে গেলো পুরো চিত্র। আওয়ামীলীগ বিহীন নির্বাচনে বিএনপি ভেবেই নিয়েছিল, তাদের বিজয় সুনিশ্চিত। তবে শেষ সময়ে চমকে দিলো পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হয়ে ৩৫ বছরের আওয়ামী দূর্গ ভাঙলেন তিনি।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরে হানজালার পূর্বপূরুষদের মর্যাদা এবং গ্রহণযোগ্যতা অনন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, নীলকর ও সামন্তবাদের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তার পূর্বপুরুষ হাজী শরিয়তউল্লাহ(র.)। ১৮১৮ থেকে ১৮২০ সালের দিকে সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে ফরায়েজী আন্দোলন সূচিত হয়। তৎকালীন সময়ে এই আন্দোলন জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষক-শ্রমিকদের একটি শক্তিশালী আর্থ-সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। যে আন্দোলনের সূচনা হয় হাজী শরিয়তউল্লাহ(র.) এর হাতে। তার মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান। তৎকালীন সময়ে এই অঞ্চলে ধর্মীয় সংস্কার হিসেবে ইসলাম প্রচার থেকে শুরু করে ব্রিটিশ নীলকর, জমিদারদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরিয়তউল্লাহ এবং তার ফরায়েজী আন্দোলন। ওই সময় থেকেই মাদারীপুরের শিবচরে প্রসিদ্ধ পরিবার হিসেবে সমাদৃত তার বংশধর। হাজী শরিয়ত উল্লাহ (র.) এর সপ্তম পুরুষ পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজয়ী হন।

সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, শিবচরের মানুষ আমাদের যেভাবে সাড়া দিয়েছে। ভালোবাসা দিয়েছে, কিভাবে তা প্রকাশ করবো সেই ভাষা আমার নেই। আমি কোন দলের এমপি হবো না, আমি গোটা শিবচরের এমপি হবো। আমরা ইনসাফের শিবচর গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, মাদারীপুর ১ আসনের শিবচরে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিক্সা প্রতীকে পেয়েছেন ৬৪৯০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪৫২৪ ভোট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category